তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের মহেশখালীতে অবস্থিত আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ প্রক্রিয়া সচল হয়।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নতুন আসা এলএনজি টার্মিনালে যুক্ত হওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
এর আগে টানা ২৫ দিনের তীব্র গ্যাস-সংকটের পর ১৫ আগস্ট সামিটের টার্মিনাল পূর্ণ সক্ষমতায় এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু করা হয়েছিল, যা গ্যাস সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করে। তবে এলএনজির নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ ধারাবাহিকভাবে কমতে থাকে এবং গত বুধবার বিকেলে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে জাহাজ আসার পর টার্মিনালে থাকা মজুত থেকেই সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

















