ঘরোয়া ফুটবলের দলবদল আগামী ৩ সেপ্টেম্বর শেষ হলেও, বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়াংমেনন্স ক্লাব লাইসেন্সিংয়ের জন্য অতিরিক্ত সময় পেয়েছে। ফিফার নিষেধাজ্ঞার কারণে দলবদলের কার্যক্রম শুরু করতে না পারায় ক্লাব দুটিকে ১ সেপ্টেম্বর পর্যন্ত লাইসেন্সিং সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার ছিল পূর্বনির্ধারিত শেষ সময়সীমা।
জানা গেছে, বসুন্ধরা কিংসের ফিফা নিষেধাজ্ঞা মুক্ত হতে আরও দুই-তিন কার্যদিবস লাগতে পারে। ফকিরেরপুল ইয়াংমেনন্সও নিষেধাজ্ঞামুক্তির প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর নতুন মৌসুম শুরুর পরিকল্পনাতেও। বাফুফে গত ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু করতে চেয়েছিল, যেখানে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনীর মুখোমুখি হওয়ার কথা ছিল। ফিফা নিষেধাজ্ঞা থাকায় ক্লাব দুটির সেই চ্যালেঞ্জ কাপ বাতিল করা হয়।
আবাহনী এরই মধ্যে ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দল গঠন সম্পন্ন করলেও, বসুন্ধরা কিংসের জন্য অপেক্ষা দীর্ঘ হচ্ছে। বাফুফে আগামী ১৮ সেপ্টেম্বর নতুন মৌসুম শুরু করতে চাইলেও, বাস্তব প্রেক্ষাপটে নির্দিষ্ট সময়ে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হওয়া নিয়ে সংশয় রয়েছে। এই তারিখও পিছিয়ে যেতে পারে।

















