রাজধানীতে ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের মালিক, শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ একত্রিত হন। অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের সামগ্রিক উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা। বক্তারা মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র সহ-সভাপতি জুনায়েদুল্লাহ আল মাহফুজ। এছাড়া বাংলাদেশ ক্যালেন্ডার, ডায়েরি এন্ড প্যাড বাইন্ডিং মালিক সমিতির সভাপতি মো. শওকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক উজ্জ্বল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা লেমিনেশন ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মাঝি ও সাধারণ সম্পাদক মো. খোকন পাটোয়ারী, মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আযম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী (রানী বাবু) এবং ঢাকা ছাট কাগজ প্লেট ও পট্টি বহুমুখী সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম খান বাদল।
ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার আরিফসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি, প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের উত্তরোত্তর উন্নতি এবং শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

















