মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই ঘটনাকে একটি শিক্ষা হিসেবে নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন কোনো দেশের আইনের ব্যত্যয় ঘটে, তখন সেখানে বাংলাদেশের নাগরিকদের জন্য খুব একটা কিছু করার সুযোগ থাকে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশিরা যদি বাংলাদেশে কোনো অন্যায় করে, তবে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার ও জেল হয়। একইভাবে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের ক্ষেত্রেও সেই দেশের আইনই কার্যকর হবে। এটি আমাদের জন্য একটি শিক্ষা হতে পারে বলে আমি মনে করি। তবে এই ধরনের খবর পাওয়া অবশ্যই দুর্ভাগ্যজনক এবং সরকার ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি প্রত্যাশা করে না।
ঘটনাটি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিশন আগে থেকে অবগত ছিল না জানিয়ে শামা ওবায়েদ বলেন, কেন মিশনকে জানানো হয়নি বা কেন বিষয়টি অবগত ছিল না, সে বিষয়ে বিস্তারিত তথ্য সৌদি সরকার এখনো দেয়নি। তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। বিস্তারিত জানতে পারলে বিষয়টি আরও পরিষ্কার করা যাবে। তবে আগে জানা থাকলে হয়তো প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যেত বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য যে, গত বুধবার মক্কা অঞ্চলে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে দেশটির সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ জানায়, মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করেছিল। পরবর্তীতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

















