ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই পরিস্থিতির কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, এই সংকটময় মুহূর্তে এখন আর কিছু করার নেই। এফএসআরইউ ছাড়া গ্যাস নামানো সম্ভব নয়, তাই দিনগোনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বর্তমানে প্রকৌশলীরা এফএসআরইউ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, কিছু বিষয় বুঝতে হবে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এফএসআরইউ নষ্ট হয়ে গেছে, এটি জোর করে সারিয়ে ফেলার সুযোগ নেই। প্রকৌশলীরা যেভাবে পরামর্শ দেবেন, সেই অনুযায়ীই কাজ করতে হবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, মেরামতের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় সরঞ্জাম আসার ২৪ ঘণ্টার মধ্যেই তা সাইটে পৌঁছে দেওয়া হয়েছে। এফএসআরইউ মেরামত করার মূল দায়িত্ব এর মালিকানা থাকা আমেরিকান কোম্পানির। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই পরিস্থিতিতে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

















