রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই হামলার সময় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনাও হামলার শিকার হয়।
এই ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে মোট ১৩ জনকে এজহারভুক্ত আসামি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত গোলাম মহিউদ্দিন এই মামলার ৪ নম্বর আসামি। এ পর্যন্ত মামলাটিতে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

















