দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২৫টি শিশু।
বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এই তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৬টি শিশুর মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে, হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৮৫টি শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪১। এই সময়ে ৮৭৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং ৮৪৭টি শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১২৫ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন। মোট এক লাখ ২১ হাজার ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে এক লাখ ১৬ হাজার ৮২৭ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

















