বাংলাদেশে অসংক্রামক রোগের তালিকায় শীর্ষে থাকা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটে বর্ধিত বরাদ্দের দাবি তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় বক্তারা এই দাবি জানান। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে, যেখানে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থাপিত তথ্যে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে উচ্চ রক্তচাপ সবার উপরে। ২০২৪ সালে দেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে, যার ৫২ শতাংশের পেছনেই উচ্চ রক্তচাপ প্রধান কারণ হিসেবে কাজ করেছে। এছাড়া প্রতিবছর দেশে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে প্রায় ৫ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে জানান, বয়স্কদের পাশাপাশি ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ এখন উচ্চ রক্তচাপে আক্রান্ত, যা ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে-২০১৮’-এর তথ্যে উঠে এসেছে।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. রিয়াদ আরেফিন বলেন, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি সরকারের একটি ইতিবাচক উদ্যোগ। এই বাজেট থেকে অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অর্থ ব্যয় করা হলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা সম্ভব হবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার মালা বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটলেও স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ এ খাতে বরাদ্দ দেওয়া হয়। অসংক্রামক রোগ প্রতিরোধে এই বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরতে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।
জিএইচএআই বাংলাদেশের কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। অসংক্রামক রোগের সামগ্রিক ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অর্থায়নের বর্তমান অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

















