সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে যে খবর প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী ইশরাকের দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে। রোববার (১৮ অক্টোবর) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এ প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সরকারি ও রাজনৈতিক দায়িত্ব প্রতিমন্ত্রী নিষ্ঠা ও সুনামের সঙ্গেই পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তাই তার পদত্যাগের বিষয়টি অবান্তর। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যেই একটি মহল এই মিথ্যা তথ্য প্রচার করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগের খবর ছড়ানো সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং বেআইনি কাজ।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা গণমাধ্যমগুলোকে অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ করা হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

















