সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির দলীয় বৈঠক করার ঘটনার কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি স্পষ্ট করেছেন যে, সচিবালয় হলো নির্বাহী কাজের জায়গা এবং সেখানে রাজনৈতিক দলের শীর্ষ ফোরামের বৈঠক করার কোনো নজির তাদের জানা নেই। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এর আগে দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক বৈঠকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় হামিদুর রহমান আযাদ বলেন, ‘এই কাজটি উনারা করছেন। তাহলে ওনারা গণতন্ত্রকে কীভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাহলে স্বৈরতন্ত্র!’
রাষ্ট্রপতি পদে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। তার সম্পর্কে জামায়াত নেতা বলেন, তিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং জাতীয়ভাবে সব ধরনের সমালোচনা ও বিতর্কের ঊর্ধ্বে। তিনি আরও জানান, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন না হওয়ার পক্ষেই তারা অবস্থান নিয়েছেন, যা গণতন্ত্রের সৌন্দর্য।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন যে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি নির্বাচনে গণতন্ত্রচর্চায় বাধা সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি চাইলে গোপন ব্যালটে ভোটের বিধান চালু করতে পারত। তার মতে, জুলাই সনদ অনুযায়ী একটি অধ্যাদেশ জারি করে গণতন্ত্র চর্চার সুযোগ থাকলেও বিএনপি তা করেনি। এই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন হতো এবং সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারতেন। এছাড়া সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে তিনি জানান, ৭০ অনুচ্ছেদ বহাল থাকা পর্যন্ত সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই।
একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে সামসুল আলমের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, সামসুল আলম আগে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে তাকে ইসিতে নিয়োগ দেওয়ায় বিএনপি নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে বলে তাদের কাছে মনে হয়।

















