আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে কথা বলছেন, তা বাস্তবে রূপ নিলে তিনি যেন দেশে ফিরে গণহত্যার দায়ে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, আইনের ক্ষমতা দীর্ঘ এবং আইন নিজস্ব গতিতেই কাজ করবে।
শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তিনি যদি সত্যের মুখোমুখি হতে চান, তবে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হওয়া উচিত। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকে বলছেন তিনি ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন, কিন্তু সেটি ছিল রেকর্ড করা অডিও। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকেই বক্তব্য দিন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি।
মন্ত্রী আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে ক্রসফায়ারে সাড়ে চার হাজার মানুষ হত্যা এবং জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। যারা তার দেশে ফেরা নিয়ে কথা বলছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও তিনি কি কখনও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন বা নিজের অপরাধ স্বীকার করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করার আহ্বান জানিয়ে মন্ত্রী পুনরায় বলেন, আমি চাই তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন।

















