মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বন্দরসেবার মান আধুনিকায়নের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে একটি বড় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
এর আগে একদিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। মোংলায় পৌঁছানোর পর তিনি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ইন্ডাস্ট্রিয়াল জোনস বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনা পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় পক্ষ জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব স্থাপনা, পরিবহন, লজিস্টিকস এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে কাজ করবে।

















