নেপালে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ এই দুর্যোগে রসুয়া অঞ্চলে এখন পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। কাঠমান্ডুতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি জানান, বন্যায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্যোগের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, বন্যায় অন্তত ৩০০ ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। তাদের অধিকাংশই মানস সরোবর তীর্থযাত্রী। তিনি বলেন, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকেরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে মানস সরোবর তীর্থযাত্রার পথে যাতায়াত করে থাকেন। নিখোঁজ ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য নেপাল সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিশির খানাল আরও বলেন, বন্যার প্রকোপে কয়েক ঘণ্টার ব্যবধানে একের পর এক শহর নিশ্চিহ্ন হয়ে গেছে। হাজার হাজার মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

















