মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এই নতুন তারিখ নির্ধারণ করেন।
শুনানি পেছানোর জন্য পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, পরীমনির সন্তানকে টিকা দেওয়ার পর তার জ্বর হয়েছে। এছাড়া সন্তানের জন্মদিন হওয়ায় আজ পরীমনি আদালতে সশরীরে উপস্থিত হতে পারেননি। আদালত তার সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর তারিখ ঠিক করেন।
মামলাটির অন্য দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। এর আগে মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের দাবি করে র্যাব। সেই ঘটনায় দায়ের করা মামলায় এক মাস কারাভোগের পর তিনি মুক্তি পান। সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। এরপর মামলাটি বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করলে কার্যক্রম স্থগিতের রুল আসে, পরবর্তীতে উচ্চ আদালত থেকে পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়।

















