রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে শনিবার সেগুনবাগিচা এলাকায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ কয়েকজন আটক হন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর এই দেয়ালচিত্রগুলো আঁকা হয়েছিল। ফুটপাতের পাশের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি অঙ্কন করা হয়। এরপর ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।

















