রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচজন শিক্ষককে মোবাইল ফোনে কল করে ‘সর্বহারা’ পরিচয়ে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে সংশ্লিষ্ট শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে একজন ভুক্তভোগী শিক্ষক মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
হুমকি ও চাঁদা দাবির শিকার শিক্ষকরা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন এবং কৌশিক সরকার। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, দুর্বৃত্তরা ফোন করে তাঁদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেছে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিয়েছে।
নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন জানান, তাঁর কাছে পরপর দুটি কল আসে। তিনি প্রথমবার ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি, তবে দুই ঘণ্টা পর আবারও কল করে দুর্বৃত্তরা দীর্ঘক্ষণ কথা বলে। তারা নিজেদের ‘সিরাজ শিকদারের ছোট ভাই’ হিসেবে পরিচয় দিয়ে জেলে থাকা দলের কর্মীদের জামিনের খরচের অজুহাতে টাকা দাবি করে। অধ্যাপক শাহরিয়ার হোসেন জানান, পুলিশ ও ব্যক্তিগত উদ্যোগে নম্বরটি ট্র্যাক করে জানা গেছে কলটি মাদারীপুর থেকে করা হয়েছে এবং সিমটি মুফতি রেজাউল করিম নামের এক ব্যক্তির নামে নিবন্ধিত।
আরেক ভুক্তভোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জানান, তাকে সরাসরি প্রাণনাশের হুমকি না দিলেও ব্যক্তিগত তথ্য বলে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা অশ্লীল ভাষা ব্যবহার করে। তিনি বিষয়টি থানায় জিডি না করলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে মৌখিকভাবে অবহিত করেছেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুন বলেন, ‘শিক্ষকদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ ও জিডি আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। আশা করছি, খুব দ্রুতই এর রহস্য উদ্ঘাটন করে সমস্যার সমাধান করা সম্ভব হবে।’

















