স্বাস্থ্য

টেনিস খেলোয়াড়দের ইনজুরি এড়াতে সতর্কতা ও করণীয়

প্রতিবেদক
সব খবর

টেনিস অত্যন্ত জনপ্রিয় ও প্রাণবন্ত একটি খেলা। তবে দ্রুত দৌড়ানো, হঠাৎ দিক পরিবর্তন এবং বারবার হাত ঘোরানোর মতো শারীরিক পরিশ্রমের কারণে খেলোয়াড়দের বেশ কিছু জটিল ইনজুরির ঝুঁকি থেকে যায়। সময়মতো সঠিক সচেতনতা ও চিকিৎসা না নিলে এসব সমস্যা দীর্ঘমেয়াদে বড় ধরনের শারীরিক জটিলতা তৈরি করতে পারে।

টেনিস খেলোয়াড়দের মাঝে সবচেয়ে বেশি দেখা যায় ‘টেনিস এলবো’, যা মূলত বারবার র‌্যাকেট ধরার চাপ ও বাহুর অতিরিক্ত ব্যবহারের ফলে কনুইয়ের বাইরের অংশে তীব্র ব্যথা ও দুর্বলতার সৃষ্টি করে। এছাড়া সার্ভ বা স্ম্যাশ করার সময় কাঁধে অতিরিক্ত চাপ পড়ার কারণে ‘রোটেটর কাফ’ ইনজুরি, প্রদাহ এবং হাত ওপরে তুলতে তীব্র অসুবিধার সৃষ্টি হয়। আবার কোর্টে দ্রুত দিক পরিবর্তনের দরুন হাঁটু ও গোড়ালির লিগামেন্টে টান পড়া, মেনিস্কাস ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা গোড়ালি মচকে যাওয়ার মতো দুর্ঘটনা অহরহ ঘটে। একই সঙ্গে দীর্ঘ অনুশীলন, ভুল ভঙ্গি এবং দুর্বল কোর মাসলের কারণে কোমরে অতিরিক্ত চাপ পড়ে নিম্ন পিঠ বা কোমরে তীব্র ব্যথার উদ্রেক হয়।

এসব ইনজুরি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নিয়মিত কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। খেলার শুরুতে অন্তত ১০ থেকে ১৫ মিনিট হালকা দৌড় ও স্ট্রেচিংয়ের মাধ্যমে শরীর প্রস্তুত করা এবং খেলা শেষে একইভাবে কুল-ডাউন করা শরীরকে চোট মুক্ত রাখতে বড় ভূমিকা রাখে। পাশাপাশি, ভুলভাবে র‌্যাকেট ধরা বা শরীরের ভুল মুভমেন্ট এড়াতে প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী সঠিক টেকনিক মেনে খেলা উচিত। সঠিক সরঞ্জাম নির্বাচনও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ; যেমন একটি ভালো গ্রিপের জুতা হাঁটু ও গোড়ালিকে নিরাপদ রাখে এবং খেলোয়াড়ের শরীরের গঠন অনুযায়ী সঠিক র‌্যাকেট ও সঠিক গ্রিপ ব্যবহার করা আবশ্যক।

সবচেয়ে বড় কথা হলো, অতিরিক্ত অনুশীলন এড়িয়ে পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা। কারণ ব্যথা অনুভব করার পরও তা অবহেলা করলে বড় মাসুল গুনতে হতে পারে। এ ধরনের ইনজুরি প্রতিরোধ ও দ্রুত পুনর্বাসনে অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের ভূমিকা অনস্বীকার্য। ফিজিওথেরাপি ব্যথা কমানোর পাশাপাশি মাংসপেশির কার্যক্ষমতা ও শক্তি বৃদ্ধি করে খেলোয়াড়কে দ্রুত স্বাভাবিক খেলায় ফিরতে সাহায্য করে। এ বিষয়ে আরও পরামর্শের জন্য ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকার হটলাইন ০১৭৮৭১০৬৭০২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

সব খবর