পাবনা পৌর এলাকার চক পৈলানপুর মাঠপাড়া এলাকায় দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মো. সৈকত (২৮) নামের এক প্রাইভেটকার চালককে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় চালকের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয়।
আহত সৈকতের বাবা মো. আমিন উদ্দিন ড্রাইভার বাদী হয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা হলেন—ঘোষপুর এলাকার মো. বিজয় (২৮), চক পৈলানপুর মাঠপাড়ার মো. পারভেজ (২৪) এবং মো. নাহিদ (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের পরিবহন ব্যবসা রয়েছে। অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে সৈকতের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় সৈকত যখন চায়ের দোকানে চা পান করছিলেন, তখন অভিযুক্তরা ধারালো চাকু, লোহার হাতুড়ি ও পিস্তল নিয়ে সেখানে প্রবেশ করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিজয়ের নির্দেশে পারভেজ ও নাহিদ লোহার হাতুড়ি দিয়ে সৈকতের পাঁজরে আঘাত করেন এবং বিজয় ধারালো চাকু দিয়ে তাঁর দুই পায়ে আঘাত করে রক্তাক্ত জখম করেন।
হামলার এক পর্যায়ে বিজয় সৈকতের পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় স্থানীয় রুবেল, হাফিজুল ও শাকিবসহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পিস্তল উঁচিয়ে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা দ্রুত সৈকতকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















