মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন পর্যটক নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে পর্যটকবাহী বাস ও একটি বড় ট্রাকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই বিভিন্ন দেশের পর্যটক বলে নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে। এএফপির একজন সংবাদদাতা জানান, কর্তৃপক্ষ মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ করেছে। ক্রেনের সাহায্যে দুমড়েমুচড়ে যাওয়া বাসটি সরানো হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ আটকে থাকতে দেখা গেছে।
আল-আহরামের তথ্যমতে, এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গিজার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

















