স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা থেকে বরিশাল অভিমুখে যাত্রা শুরু করেছে গোলাপি সড়ক শোভাযাত্রার একটি বিশেষ বাস। শুক্রবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বাসটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। দুই দিনব্যাপী এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।
দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে প্রায় ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল এই শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। ‘গোলাপি মানব’ হিসেবে পরিচিত ডা. হাবিবুল্লাহ তালুকদার বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী ২৩ ও ২৪ অক্টোবর ঢাকা-বরিশাল-ঢাকা রুটে এই কর্মসূচি পরিচালিত হবে। রাজধানীকেন্দ্রিক সচেতনতা কার্যক্রমকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। এই যাত্রাপথে মোট ২১টি নির্ধারিত স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে স্তন ক্যানসার বিষয়ক প্রয়োজনীয় তথ্য সম্বলিত লিফলেট সহজ বাংলায় সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় বরিশাল টাউন হল-সংলগ্ন এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর শনিবার সকাল ৯টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আরও একটি পথসভা আয়োজিত হবে। সবশেষে বাসটি ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে অক্টোবর মাসব্যাপী চলমান সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবেই এই গোলাপি সড়ক শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।

















