রাজধানীর পোস্তগোলায় বুধবার দিবাগত রাত তিনটার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন ৪০ বছর বয়সী জাহাঙ্গীর পোদ্দার ও ৫০ বছর বয়সী জাকির হোসেন। ঘটনার সময় তারা অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতের ওপর উঠে যায়।
এ ঘটনায় দুই অটোরিকশাচালকসহ মোট তিনজন গুরুতর আহত হন। নিহতের সহকর্মী হৃদয় জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ২৫ মিনিটে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর কিছুক্ষণ পর জাকিরও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত জাকিরের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এবং বাবার নাম জিন্নাত আলী। তিনি রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগের পাকার মাথায় থাকতেন। অন্যদিকে, নিহত জাহাঙ্গীর পটুয়াখালী সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে। তিনি রাজধানীর নামা শ্যামপুর এলাকায় বসবাস করতেন।

















