সপ্তাহের প্রথম কার্যদিবসে এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে, যা তেলের বাজারে এই অস্থিরতা তৈরি করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় উভয় ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। তখন ধারণা করা হচ্ছিল, ইরান ও ওমানের মধ্যকার সমঝোতার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নৌপথটি আবার চালু হতে পারে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবহণ করা হতো, যা বৈশ্বিক তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এর বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে এখনো কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এই শর্তের বেড়াজালে হরমুজ প্রণালি কবে নাগাদ খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

















