শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশে নাগরিক পরিচয়েই সবাই বসবাস করতে চান। তিনি জোর দিয়ে বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা নৃগোষ্ঠী—বাংলাদেশের সব নাগরিক তাদের নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি স্বাধীনভাবে পালন করবেন, কিন্তু জাতীয়তার ক্ষেত্রে সবাই বাংলাদেশি হিসেবেই পরিচিত হবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করার সুযোগ নেই। সব ধর্মাবলম্বীর উপাসনালয় এবং এর সাথে সংশ্লিষ্টদের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র নিয়েছে এবং এই সম্প্রীতি ও স্বাধীনতা বাস্তবে রূপ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু সংবিধানে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্র বাস্তবে এই ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে।
অতীতের ফ্যাসিবাদী শক্তির সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা সনাতন ধর্মের ভাইবোনদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের যে ভ্রান্ত ধারণা পোষণ করত, তা এখন ভেঙে দেওয়া হয়েছে। সম্প্রীতি বজায় রাখাই হবে সবার প্রধান পরিচয়। তিনি আরও যোগ করেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সবাইকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে হবে।
সালাহউদ্দিন আহমদ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কেউ যেন নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন। ধর্মের ভিত্তিতে নয়, বরং সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়াই এখনকার প্রত্যাশা।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উপলক্ষে র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

















