রাজনীতি

আলিয়া ও কওমি আমার দুই চোখের মতো প্রিয়: আল্লামা সাঈদী

প্রতিবেদক
সব খবর

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করা হয়েছে। নতুন এই কভার ফটোতে মরহুম মাওলানার একটি বিখ্যাত উক্তি স্থান পেয়েছে—‘বিড়ালের মতো পাঁচশ বছর বাঁচতে চাই না, সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই।’ এই বাণীর মাধ্যমে তার সাহসিকতা ও অটল আদর্শের বিষয়টি ফুটে উঠেছে।

দলের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে আল্লামা সাঈদীকে বলতে শোনা যায়, ‘আলিয়া আর কওমি মাদ্রাসা আমার দুই চোখের মতো প্রিয়।’ তিনি সেখানে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, চট্টগ্রামের পটিয়া ও হাটহাজারীর বড় বড় মাদ্রাসায় সফর এবং আলেমদের সঙ্গে তার সাক্ষাতের কথা। তিনি মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর সেবা করার স্মৃতিচারণ করে বলেন, ‘আমি মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.) হুজুরকে অজু করাইছি, তাঁর পা ধুয়ে দিয়েছি। খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমেদ সাহেবের খেদমত করেছি আমি, মক্কায় জ্বর হলে পা চেপে দিয়েছি। এতে আমি তো ছোট হয়ে যাইনি।’ তিনি আলেমদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা আলেমদের সম্মান কেন করতে পারব না? কওমি মাদ্রাসাও আমার, আলিয়াও আমার।’

এছাড়া তার আরও কিছু উক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আদালতে দেওয়া একটি বক্তব্যে তিনি বলেছিলেন, ‘কুরআনের বাণী প্রচারই যদি হয় আমার অপরাধ, তবে আমি হাজারবার ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি।’ পবিত্র কুরআন সম্পর্কে তার একটি মন্তব্যে বলা হয়েছে, ‘কাল কেয়ামতে কঠিন জবাবদিহি করতে হবে আমাদের। সেদিন কেউ রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। আসবে শুধুমাত্র কুরআন মাজিদ।’ দ্বীনের পথে নিজের দীর্ঘ পথচলা সম্পর্কে তিনি বলেছিলেন, ‘বিগত অর্ধ শতাব্দী ধরে আমি কুরআনের দাওয়াত বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।’

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ১৫আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ১৫

সব খবর