রাজনীতি

ছাত্রদলের নতুন কমিটি এখন তারেক রহমানের টেবিলে, ঘোষণা যেকোনো সময়

প্রতিবেদক
সব খবর

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টেবিলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যে কোনো সময় নতুন এই কমিটি ঘোষণা করা হতে পারে। এর মধ্য দিয়ে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন বর্তমান কমিটির অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং ছাত্রদলের নেতৃত্বে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা বিদায়ী সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠকে সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের ভূমিকা, ভবিষ্যতের রাজনীতিতে পেশাদারত্ব বজায় রাখা এবং নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়গুলো গুরুত্ব পায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের অবদানের প্রশংসা করেন তারেক রহমান। একই সঙ্গে তিনি ছাত্রদলের নেতাদের ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারত্ব বজায় রাখা এবং নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার নির্দেশনা দেন। এছাড়া বিদায়ী নেতাদের মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়। একই সময়ে আবু আফসান মো. ইয়াহিয়াকে সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৫ জুন রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর হওয়ায় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকেই পদপ্রত্যাশীরা নতুন কমিটিতে আসার জন্য তৎপরতা চালিয়ে আসছিলেন।

নতুন কমিটির শীর্ষ পদের আলোচনায় রয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, আমান উল্লাহ আমান, মমিনুল ইসলাম জিসান, শরীফ প্রধান শুভ, গণেশ চন্দ্র রায় সাহস, মো. মোস্তাফিজুর রহমান এবং বোরহান উদ্দিন ইশরাক। নতুন কমিটি ঘোষণার পরপরই বর্তমান নেতৃত্বের অধ্যায় শেষ হবে এবং নতুন নেতৃত্বের হাত ধরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

সব খবর