মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং বিশিষ্ট চিকিৎসক ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সোমবার দেশটির জাতীয় গণমাধ্যম বারনামার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তার ছেলে মোখজানি মাহাথির এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯২৬ সালের ১২ জুলাই কুয়ালালামপুরের অদূরে সেলাঙ্গরের ক্লাংয়ে জন্মগ্রহণ করেন ডা. সিতি হাসমাহ। তিনি ছিলেন মালয়েশিয়ার প্রথম দিকের মালয় নারী চিকিৎসকদের একজন। চিকিৎসা পেশার পাশাপাশি জনস্বাস্থ্য ও সমাজসেবায় তিনি তার কর্মজীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন। ১৯৫৫ সালে সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিন থেকে তিনি চিকিৎসাবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দিয়ে কেদাহসহ দেশটির বিভিন্ন অঞ্চলে চিকিৎসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার কর্মজীবনের বড় একটি অংশ জুড়ে ছিল জনস্বাস্থ্য এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়ন।
ব্যক্তিগত জীবনে ১৯৫৬ সালে তিনি ডা. মাহাথির মোহাম্মদকে বিয়ে করেন। এই দম্পতির সাত সন্তান রয়েছে, যাদের মধ্যে লেখক ও সমাজকর্মী মেরিনা মাহাথির এবং কেদাহর সাবেক মেন্টেরি বেসার দাতুক সেরি মুখরিজ মাহাথির অন্যতম। মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরবর্তীতে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বামী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় সিতি হাসমাহ নারী কল্যাণ, স্বাস্থ্য এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়াসহ বিভিন্ন সংস্থার নেতৃত্বে ছিলেন এবং নারী উন্নয়ন ও মাদক প্রতিরোধে কাজ করেছেন।
মাহাথির মোহাম্মদ রাজনীতি থেকে অবসর নেওয়ার পরও সিতি হাসমাহ তার পাশে থেকে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা রেখেছিলেন। ২০২৬ সালের আগস্টে এই দম্পতি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিবাহিত দম্পতি এবং ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বয়স্ক বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন।

















