প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১৫
গাজায় ইসরায়েল যে ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে, ফিলিস্তিনের পশ্চিম তীরেও ঠিক একই রকম কার্যক্রম চালানো উচিত বলে মন্তব্য করেছেন দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পশ্চিম তীরে যুদ্ধ শুরুর পক্ষে জোরালো মত দেন। গত রোববার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে পশ্চিম তীরকে ‘জুদিয়া ও সামারিয়া’ হিসেবে উল্লেখ করে স্মোতরিচ বলেন, সেখানে ইসরায়েলি সেনাদের যুদ্ধ করতে হবে এবং গাজায় যা করা হয়েছে, সেখানেও তা-ই করা প্রয়োজন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তা ভেঙে দেওয়ার আহ্বান জানান। পশ্চিম তীরে বাড়তে থাকা নিরাপত্তাজনিত উত্তেজনা মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, জুদিয়া ও সামারিয়ায় কোনো ধরনের সন্ত্রাসী অবকাঠামো রাখা যাবে না। সেখানে কোনো সন্ত্রাসী, অস্ত্র বা সুড়ঙ্গ থাকা চলবে না।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে এই পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। গত জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ দিক পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ১ হাজার ৩৩০টির বেশি হামলা নথিভুক্ত করা হয়েছে, যার অর্থ প্রতিদিন গড়ে ছয়টি করে হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষা পাওয়া এসব অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো ও বাড়িঘর অবরোধসহ বিভিন্ন ধরনের সহিংসতা চালাচ্ছে।
স্মোতরিচের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীর এই মন্তব্য ইসরায়েলের সরকারি নীতিরই প্রতিফলন। মন্ত্রণালয়ের অভিযোগ, ফিলিস্তিনিদের হত্যা, ঘরবাড়ি থেকে উচ্ছেদ, জমি দখল এবং অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকলে ইসরায়েলি সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নে আরও উৎসাহিত হবে এবং এতে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়বে।
এদিকে স্মোতরিচের এই উসকানিমূলক বক্তব্যের মধ্যেই ইহুদিদের ধর্মীয় উৎসব ‘সুক্কত’ উপলক্ষে পশ্চিম তীরজুড়ে সামরিক অবরোধের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। এর ফলে আগামী ৩ অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপর বাড়তি বিধিনিষেধ কার্যকর থাকবে।

















