নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত এবং ভ্রমণকারী বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় গতকাল রোববার রাতে দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে পিসাং, চামে, মানাং ও এর আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অব্যাহত বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও তুষারপাতের কারণে অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।
কর্তৃপক্ষ ইতিমধ্যে মানাং এলাকার বিভিন্ন স্থানে ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা এবং ভীমথাং এলাকাগুলো উল্লেখযোগ্য। অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ পাহাড়ী ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং বা পর্বতারোহণের পরিকল্পনা করার আগে পর্যটকদের সকল তথ্য যাচাই এবং নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
যারা ইতিমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ভ্রমণ করছেন, তাদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নদী তীরবর্তী ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা, ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি নিয়মিত যাচাই করা এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

















