ফিলিপাইনে মাছ ধরতে গিয়ে এক জেলে এক অদ্ভুত ও ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, দেশটির পালাওয়ান দ্বীপের পুয়ের্তো প্রিন্সেসার কাছে সমুদ্রে মাছ ধরার সময় এই ঘটনাটি ঘটে। মাছ ধরার পর জেলেটি অক্টোপাসটি হাতে নেওয়ার পরপরই সেটি আত্মরক্ষার চেষ্টা শুরু করে। মুহূর্তের মধ্যে প্রাণীটি জেলের মুখের দিকে উঠে আসে এবং তার শুঁড় দিয়ে মুখ ও মাথা শক্তভাবে আঁকড়ে ধরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যায়, নৌকার মধ্যে দাঁড়িয়ে ওই জেলে অক্টোপাসটিকে মুখ থেকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তবে অক্টোপাসটির শুঁড়ের শক্তিশালী শোষক অঙ্গ বা সাকার জেলের মুখের সঙ্গে শক্তভাবে আটকে থাকায় তাকে বেশ বেগ পেতে হয়। পরিস্থিতির এক পর্যায়ে জেলেটি একটি বাঁশের লাঠি ব্যবহার করেন। লাঠির সাহায্যে দীর্ঘ সময় চেষ্টার পর তিনি শেষ পর্যন্ত অক্টোপাসটিকে মুখ থেকে আলাদা করতে সক্ষম হন। ঘটনার পর অক্টোপাসটিকে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, অক্টোপাস সাধারণত মানুষের ওপর আক্রমণ করার জন্য এমন আচরণ করে না। তবে ধরার পর নিজেদের রক্ষা করতে তারা শুঁড় ও সাকার ব্যবহার করে শক্তভাবে কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে। এই জেলের ক্ষেত্রেও আত্মরক্ষার কারণেই অক্টোপাসটি এমন আচরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ জেলেটির সাহসের প্রশংসা করেছেন, আবার অনেকে সমুদ্র থেকে প্রাণী ধরার সময় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পাওয়া জেলের এই অদ্ভুত অভিজ্ঞতা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

















