বর্তমানে দেশে হাম ও ডেঙ্গুর মতো রোগগুলো একসঙ্গে মোকাবিলা করতে হলেও পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, একসময় কলেরায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটত। সরকারের নানামুখী উদ্যোগের ফলে বর্তমানে এই রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে কলেরা সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নিয়ে সরকার মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন চালু করেছে।
টিকা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, এক বছর বা তার বেশি বয়সী সবাইকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৪টি উপজেলায় টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এর ঠিক ১৪ দিন পর ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
তবে টিকা দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতাও জানিয়েছেন তিনি। সাধারণত এক বছর বা তার বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। কিন্তু গর্ভবতী নারী, টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তি এবং তীব্র সংক্রমণে আক্রান্ত রোগীদের এই টিকা দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।

















