বিনোদন

বিয়ের আগে গোপন চুক্তিতে রোনালদো ও জর্জিনা

প্রতিবেদক
সব খবর

প্রায় এক দশকের দীর্ঘ সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১ই আগস্ট পর্তুগালের লিসবন থেকে ২০ মাইল দূরের উপকূলীয় শহর কাশকাইশে ঘরোয়া একটি সিভিল অনুষ্ঠানে এই জুটি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এই আয়োজনে তাদের পাঁচ সন্তান এবং মাত্র চারজন সাক্ষী উপস্থিত ছিলেন। বিয়ের খবরটি নিশ্চিত করতে রোনালদো নিজের ইনস্টাগ্রামে আংটি পরা হাত জড়ানো একটি ছবি শেয়ার করেন।

তবে বিয়ের আনুষ্ঠানিকতার বাইরেও এই জুটির একটি গোপনীয় চুক্তির খবর সামনে এসেছে। স্পেনের সংবাদমাধ্যম এবং পর্তুগিজ পত্রিকা ‘জার্নাল দ্য নোতিসিয়াস’-এর হাতে আসা নথিপত্র অনুযায়ী, বিয়ের মাত্র একদিন আগে লিসবনের একটি নোটারি কার্যালয়ে রোনালদো ও জর্জিনা ‘সম্পত্তি পৃথকীকরণ’ চুক্তিতে সই করেন। পর্তুগিজ আইন অনুযায়ী এই ধরনের চুক্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না বলেই বিয়ের আগেই তাদের আলাদাভাবে এই নথিতে স্বাক্ষর করতে হয়েছে। এই চুক্তির ফলে বিয়ের আগে ও পরের অর্জিত সম্পদ, আয় এবং বিনিয়োগের ওপর উভয়েরই স্বতন্ত্র ও পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে রোনালদোর আয় প্রায় ২৭৫ মিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রেখেছে। তার এই বিশাল আয়ের প্রধান উৎস সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি এবং বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি। তবে বিয়ে বা এই গোপন চুক্তি নিয়ে রোনালদো কিংবা জর্জিনা কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি ছাড়া বিয়ের বিস্তারিত বিষয়ে এই তারকা দম্পতি নীরবতা বজায় রেখেছেন।

সব খবর