হরমুজ প্রণালিতে গত ৪৮ ঘণ্টায় নিয়ম লঙ্ঘনকারী ১৯টি জাহাজের ওপর সরাসরি হামলা চালিয়েছে ইরান। দেশটির সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এবং গালফ নিউজের তথ্য অনুযায়ী, এই হামলার প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে আরও সাতটি জাহাজে অভিযান চালানো হয়। ইরানের দাবি, এসব জাহাজ হরমুজ প্রণালির অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করলে তাদের ওপর এই সশস্ত্র পদক্ষেপ নেওয়া হয়।
ইরানি কর্মকর্তারা স্পষ্টভাবে সতর্ক করেছেন যে, দেশটির অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করে আসছেন। ইরানের তরফ থেকে জানানো হয়েছে, এই অভিযান ওয়াশিংটনের সেই দাবির অসারতা প্রমাণ করেছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানকে আরও নাজুক করে তুলেছে।
হামলার পাশাপাশি হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের একটি মানববিহীন ডুবোযান জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্যমতে, জব্দ করা যানটি ‘রেমাস ৬০০’ মডেলের একটি অত্যাধুনিক পানির নিচে চলাচলকারী প্রযুক্তি। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বিত অভিযানের মাধ্যমে এটিকে আটক করা হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

















