৯০ মিনিটের ফুটবল ম্যাচে মোট ২৬টি ফাউলের ঘটনা ঘটেছে, যার মধ্যে আর্জেন্টিনা ১৫টি এবং ইংল্যান্ড ১১টি ফাউল করেছে। মাঠের এই ফাউলকে কেন্দ্র করেই লিওনেল মেসির সঙ্গে জুড বেলিংহামের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পুরো বিষয়টি নিয়ে সৃষ্ট জল্পনা উড়িয়ে দিয়েছেন ইংলিশ তরুণ তারকা বেলিংহাম।
বেলিংহাম জানিয়েছেন, এটি মূলত একটি সাধারণ ফাউল কেন্দ্রিক আলোচনা ছিল। তিনি বলেন, ‘আসলে আমরা শুধু একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। এতে খারাপ কিছু ছিল না। আমি জানি, সবাই এটাকে বড় বিষয় বানানোর চেষ্টা করবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।’
ঠিক কী কথোপকথন হয়েছিল তা ব্যাখ্যা করে বেলিংহাম বলেন, ‘আমার মনে হয়েছিল, এর আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি বলল, আমার ওপর হওয়া ফাউলের কী হবে? আমি তখন তাকে বললাম, তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো। ব্যস, এতটুকুই।’
ম্যাচ চলাকালীন এই সংক্ষিপ্ত বাক্যবিনিময় নিয়ে নানা কানাঘুষা তৈরি হলেও বেলিংহাম স্পষ্ট করেছেন যে, তাদের মধ্যে ব্যক্তিগত কোনো তিক্ততা বা বিরোধ নেই। বরং ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়কের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানিয়েছেন তিনি। বেলিংহাম বলেন, ‘অবশ্যই হেরে যাওয়ার কষ্টটা অনেক। কিন্তু মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটাও আমার জন্য বিশেষ সৌভাগ্যের।’ ভিডিওতে তাদের রাগান্বিত দেখালেও, বেলিংহাম এই ঘটনাকে অতিরঞ্জিত না করার আহ্বান জানিয়েছেন।

















