প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ০০
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশ সময় সোমবার দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তার মাধ্যমে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
বাঁধন জানান, তিনি স্থানীয় একটি পার্কে তার ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেই সময় একদল ব্যক্তি তার ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে আঘাত করে। হামলাকারীরা তার গায়ে ডিম ও কোক ছুড়ে মারে এবং তার মোবাইল ফোনটিও ছুড়ে ফেলে দেয়। এ সময় তার ভাইয়ের স্ত্রীকে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটে।
ভিডিওবার্তায় অভিনেত্রী অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে আক্রমণ করে। তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে। একই সঙ্গে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয় বলে জানান বাঁধন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করা একদল ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। ঘটনার সময় ভেনিসে অবস্থানরত সজীব ওয়াজেদ জয়ের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান বাঁধন।
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ইতালিতে তার ওপর হামলার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

















