আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে এই অর্জনের পরপরই স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস আর্জেন্টিনাকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার কোনোভাবেই বিশ্বকাপ জিততে পারবে না আর্জেন্টিনা।
ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের কৌশলেরও সমালোচনা করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক। অ্যান্থনি গর্ডনের গোলের পর ইংল্যান্ডের রক্ষণাত্মক কৌশলে ফিরে আসাকে তিনি ‘ভীতুর কৌশল’ হিসেবে অভিহিত করেন। ক্যাসিয়াসের মতে, ইংল্যান্ড নিজেদের বক্স ছেড়ে বের না হওয়ার কারণেই আর্জেন্টিনা বেশি সুযোগ পেয়েছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটি ইংল্যান্ড নিজেদের ভুলেই হেরেছে। তিনি দাবি করেন, ইংল্যান্ড প্রায় ৩০ মিনিট ধরে আর্জেন্টিনাকে খেলার সুযোগ করে দিয়েছিল।
২০১০ সালের বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক নিজের টুইটার হ্যান্ডেলে একের পর এক মন্তব্যে ফাইনাল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, ‘তোমরা চতুর্থ তারাটা সেলাই করতে পারবে না। চতুর্থ তারা হবে না, আমরা দ্বিতীয় তারাটার দিকে এগিয়ে যাচ্ছি! এগিয়ে চলো স্পেন!’ উল্লেখ্য, আগামী ১৯ জুলাই রাতে নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
আটলান্টার এই ম্যাচে প্রথমে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়লেও আর্জেন্টিনা দুর্দান্তভাবে ফিরে আসে। এনজো ফার্নান্দেজের গোল এবং পরবর্তীতে মেসির ক্রস থেকে লাউতারো মার্তিনেজের হেড থেকে আসা গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। মেসি ও কোচ স্কালোনির অধীনে এটি আর্জেন্টিনার সপ্তম ফাইনাল এবং তারা চতুর্থবারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ের সময় মেসির কাছে বছরের পর বছর ভুগে আসা ক্যাসিয়াস এবার স্পেনের জয় নিয়েই বেশি আশাবাদী।

















