ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘ সময় ধরে অভিনয়ে অনিয়মিত। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নিজের জীবনের নানা অনুভূতি, ব্যক্তিগত মুহূর্ত এবং নতুন ছবি নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনই চারটি নতুন ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে শাবনূরকে কমলা রঙের স্টাইলিশ ব্লেজারে হাস্যোজ্জ্বল দেখা গেছে, যা ভক্তদের নজর কেড়েছে। তার পেছনে থাকা রঙিন ফুলের মনোরম সাজ ছবিগুলোর আবেদন আরও বাড়িয়ে দিয়েছে। ছবির সঙ্গে একটি গভীর ও অর্থবহ বার্তাও দিয়েছেন তিনি। শাবনূর লিখেছেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’
অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরা তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ভালোবাসা ও সমর্থনের বার্তা জানিয়েছেন। একজন ভক্ত তাকে হাজার ফুলের মাঝে একটি গোলাপ ও হাজার তারার মাঝে চাঁদ হিসেবে আখ্যায়িত করেছেন। অন্য একজন ভক্ত লিখেছেন, দূর থেকে মানুষ কী বলবে তা নিয়ে ভাবার প্রয়োজন নেই, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যেই সিনেমাটির কিছু অসম্পাদিত ফুটেজ ও শুটিং ক্লিপ প্রকাশ্যে আসায় তা নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল।

















