নাটোরের নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হলুদঘর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে মৃত শাহাদাত হোসেনের ছেলে রহিদুল ইসলামের (৫০) বসতবাড়িতে এই আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস থেকে জানা যায়, বিকেলে রহিদুল ইসলামের টিনের ঘরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে বাড়ির সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তারা প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। পরে খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলার আগেই ঘরটিসহ ভেতরে থাকা আসবাবপত্র ও কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জামান জানান, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। সৌভাগ্যবশত, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

















