স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ট্রান্সফরমেশন অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ব্যাংকার জাবেদুল আলম। দীর্ঘ ২৬ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
জাবেদুল আলমের শিক্ষাগত যোগ্যতার ভিত্তি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখান থেকে তিনি ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনের শুরু হয় ২০০০ সালে এইচএসবিসি ব্যাংকে। এরপর তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে করপোরেট ও ট্রানজেকশন ব্যাংকিংয়ের ব্যবসা সম্প্রসারণ, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নতুন এই দায়িত্বের মাধ্যমে তিনি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

















